ডেস্ক রিপোর্ট
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেছেন, ভারতের বিরুদ্ধে সাম্প্রতিক পাল্টা হামলা চালিয়ে কয়েক ঘণ্টার মধ্যে তাদের সেনাদের নাস্তানাবুদ করে দেয় পাকিস্তান। এরমাধ্যমে ভারতের বিরুদ্ধে পাকিস্তান ১৯৭১ সালের যুদ্ধের প্রতিশোধ নিয়েছে।
বুধবার সীমান্তের পাশে পাশরুর সেনাঘাঁটিতে সেনাদের উদ্দেশে দেওয়া ভাষণে তিনি বলেন, ‘তোমরা একাত্তরের বদলা নিয়েছো… এখন পুরো জাতি তোমাদের পাশে আছে।’
ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের পাহেলগাঁও হামলার পর ভারত পাকিস্তানের ভেতরে হামলা চালায়। এর জবাবে পাকিস্তান ‘বুনিয়ান-উন-মারসুস’ নামে পাল্টা হামলা চালায়। শেহবাজ জানান, পাকিস্তানের এই হামলায় ভারতের ২৬টি সামরিক স্থাপনা, বিমানঘাঁটি ও যুদ্ধবিমান লক্ষ্যবস্তু হয়। তারা একাধিক রাফাল যুদ্ধবিমান ভূপাতিত করেছে।
শেহবাজ ভারতকে সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আবার হামলা করলে ভারত সবকিছু হারাবে। আমরা যুদ্ধের জন্যও প্রস্তুত, আবার শান্তিপূর্ণ আলোচনার জন্যও। পছন্দ ভারতের।’
পানি আমাদের জন্য ‘রেড লাইন’ উল্লেখ করে তিনি বলেন, যদি আমাদের নীলম-ঝেলম প্রকল্প ধ্বংস হতো, তাহলে আমরা বাগলিহারসহ ভারতের বড় বড় বাঁধ উড়িয়ে দিতাম।
তবে যুদ্ধের সঙ্গে শান্তির কথাও বলেন তিনি। কাশ্মীর ও পানির সমস্যায় আলোচনার প্রস্তাব দিয়ে বলেন, ‘এসো, আগুন নেভাই। বসে কথা বলি।’
জাতিসংঘ মহাসচিবের সঙ্গেও কথা বলেছেন শেহবাজ। তিনি জানান, দক্ষিণ এশিয়ায় শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘকে সক্রিয় ভূমিকা রাখতে হবে।
শেহবাজের সঙ্গে শিয়ালকোটে উপস্থিত ছিলেন- উপ-প্রধানমন্ত্রী ইসহাক দার, প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ, পরিকল্পনা ও উন্নয়ন মন্ত্রী আহসান ইকবাল এবং তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার। এছাড়াও সেনাপ্রধান, নৌবাহিনী প্রধান, ও বিমানবাহিনীর প্রধানসহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
