আন্তর্জাতিক ডেস্ক
সুদানের পশ্চিম দারফুর অঞ্চলে ভয়াবহ ভূমিধসে এক হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। বিদ্রোহী গোষ্ঠী সুদান লিবারেশন মুভমেন্ট/আর্মি (এসএলএম/এ) সোমবার (১ সেপ্টেম্বর) রাতে এক বিবৃতিতে জানায়, মর্মান্তিক এ দুর্যোগ থেকে প্রাণে বেঁচেছেন কেবল একজন।
সংগঠনটি জানায়, কয়েক দিনের টানা ভারী বৃষ্টির পর গত রোববার (৩১ আগস্ট) দারফুরের মাররা পর্বতমালার তারসিন গ্রামে এ ভূমিধসের ঘটনা ঘটে। এতে গোটা গ্রাম নিশ্চিহ্ন হয়ে যায়।
দারফুরের দুর্গম এ অঞ্চলটি বর্তমানে সুদান লিবারেশন মুভমেন্টের নিয়ন্ত্রণে। তারা জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে নারী-পুরুষ ও শিশুদের মরদেহ উদ্ধারে জরুরি সহায়তা চেয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, দুই বছর ধরে চলা গৃহযুদ্ধে সুদানের সেনাবাহিনী ও প্যারামিলিটারি র্যাপিড সাপোর্ট ফোর্সের সংঘাতে লাখো মানুষ বাস্তুচ্যুত হয়ে পড়েন। নিরাপত্তার খোঁজে অনেকে আশ্রয় নিয়েছিলেন মাররা পাহাড়ের ওই প্রত্যন্ত গ্রামে। কিন্তু অবশেষে প্রাকৃতিক দুর্যোগই কেড়ে নিল তাদের জীবন। অঞ্চলটির দুর্গম অবস্থার কারণে সেখানে খাদ্য ও ওষুধ সরবরাহ সবসময়ই ছিল কঠিন।
সুদান টানা তৃতীয় বছরের মতো ভয়াবহ গৃহযুদ্ধে নিমজ্জিত। যুদ্ধবিধ্বস্ত দেশটিতে বিশ্বের অন্যতম ভয়াবহ মানবিক সংকট দেখা দিয়েছে, বিশেষত দারফুরের কিছু অঞ্চলে দুর্ভিক্ষ পরিস্থিতি তৈরি হয়েছে। এ বছর মার্চে সেনাবাহিনী রাজধানী খার্তুমের নিয়ন্ত্রণ নেওয়ার পর দারফুরে বিশেষ করে এল-ফাশের এলাকায় সংঘর্ষ আরও তীব্র হয়েছে।
সূত্র: সিএনএন
