নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় গভীর রাতে এক সৌদি প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। বৈদ্যেরবাজার ইউনিয়নের মামরকপুর গ্রামে রোববার রাতে প্রায় দুই কোটি টাকার মালামাল লুট করে নিয়ে যায় ডাকাত দল।
ভুক্তভোগীরা জানায়, ডাকাত দল ওই প্রবাসীর বাড়ির রান্নাঘরের গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে ৭৫ ভরি স্বর্ণালংকার, নগদ ২২ লাখ টাকা ও আইফোন লুট করে নিয়ে যায়।
এ ঘটনায় প্রবাসীর স্ত্রী উম্মেহানী বেগম বাদী হয়ে সোমবার সকালে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
পরে সোমবার দুপুরে নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (খ-অঞ্চল) আসিফ ইমাম ও সোনারগাঁ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হাসান খান ঘটনাস্থল পরিদর্শন করেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের মামরকপুর গ্রামের সৌদি আরব প্রবাসী কামরুল ইসলামের বাড়িতে রোববার রাত আড়াইটার দিকে ১০-১৫ জনের সশস্ত্র ডাকাত দল হানা দেয়। এ সময় ডাকাত দল ওই প্রবাসীর বিল্ডিংয়ের রান্না ঘরের জানালার গ্রিল কেটে প্রথমে ভেতরে প্রবেশ করে। পরে ডাকাত দল বাড়ির সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে আসবাবপত্র তছনছ করে ৭৫ ভরি স্বর্ণালংকার, একটি আইফোন ও জমি ক্রয়ের রেজিস্ট্রেশনের জন্য মজুদ রাখা নগদ ২২ লাখ টাকা লুট করে নেয়।
সৌদি প্রবাসী কামরুল ইসলামের মা রাজিয়া বেগম জানান, তার ৪ ছেলেই সৌদি আরব প্রবাসী। তাদের ৪ স্ত্রী ও ৮ শিশুসন্তান নিয়ে তিনি ওই বাড়িতে বসবাস করে আসছেন। বাড়িতে কোনো পুরুষ লোক নেই।
এ বিষয়ে সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হাসান খান বলেন, এ ব্যাপারে থানায় একটি অভিযোগ গ্রহণ করা হয়েছে। ডাকাতির সঙ্গে জড়িতদের চিহ্নিত ও গ্রেফতারের ব্যাপারে পুলিশ ইতোমধ্যে কাজ শুরু করেছে।
