আন্তর্জাতিক ডেস্ক
ইরানের একাধিক স্থাপনায় হামলা চালানো হচ্ছে বলে শনিবার ঘোষণা করেছে ইসরাইলি সামরিক বাহিনী আইডিএফ। দেশটির সামরিক ও পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে এ আক্রমণ চলমান রয়েছে বলে জানানো হয়েছে। খবর এএফপির।
একটি টেলিভিশন প্রেস কনফারেন্সে ইসরাইলি সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফরিন বলেন, আমরা বর্তমানে ইরানের একাধিক স্থানে হামলা চালাচ্ছি।
এ ঘোষণাটি এমন এক সময়ে এসেছে যখন ইরান ইসরাইলের পূর্ববর্তী হামলার জবাবে ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দ্বারা পাল্টা আঘাত হেনেছে।
ইসরাইল বলছে, তারা ইসলামি প্রজাতন্ত্র ইরানের সামরিক ও পরমাণু কর্মসূচি লক্ষ্য করে এ সামরিক অভিযান চালাচ্ছে। তবে এর আগেরবার অনেক আবাসিক ভবনেও হামলা চালানো হয়েছে। এতে অনেক নিরীহ মানুষ আহত হয়েছেন।
এ অবস্থায় পাল্টাপাল্টি হামলার ফলে মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে এবং আঞ্চলিক সংঘাতের আশঙ্কা আরও বেড়েছে।
এখন পর্যন্ত দুই দেশের সংঘাতে ইরানে ৮০ জন নিহত হয়েছেন। আহত হয়েছে ৩২০ জন। আর ইরানের হামলায় আহত হয়েছে ইসরাইলের চারজন। আহত বেশ কয়েকজন। হতাহতের এ তথ্য জানিয়েছে আল-জাজিরা।
