আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাজ্যের পার্লামেন্ট নির্বাচনে এখন চলছে ফল ঘোষণা। ঘোষিত ফলাফলে ইতোমধ্যেই নিরঙ্কুশ জয় নিশ্চিত করেছে বিরোধী লেবার পার্টি। ৩৮১ আসনে জয় পেয়েছে লেবার পার্টি। সরকারি ফল আসার আগেই পরাজয় স্বীকার করে নিয়েছেন কনজারভেটিভ দলের নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী ঋষি সুনাক।
সেইসঙ্গে তিনি বলেছেন, আমি দুঃখিত। লেবার পার্টি সাধারণ নির্বাচনে জয়লাভ করেছে। তিনি লেবার পার্টির নেতা কিয়ার স্টারমারকে স্বাগত জানান এবং পরাজয় স্বীকার করেন।
সুনাক বলেন, আজ সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতার হাত বদল হবে। ব্রিটিশ জনগণ গুরুত্বপূর্ণ রায় দিয়েছে। আমি এই পরাজয়ের দায় নিজের কাঁধে নিচ্ছি।
এর আগে, যুক্তরাজ্যের স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত চলে পার্লামেন্ট নির্বাচনের ভোটগ্রহণ। টানা ১৫ ঘণ্টার ভোটগ্রহণ শেষে চলছে ভোটগণনা এবং ফল ঘোষণা।
অবশ্য নির্বাচনের ফল ঘোষণার আগেই বুথ ফেরত জরিপে বলা হয়েছে, বিরোধী দল লেবার পার্টির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। তবে সরকারি ফলাফল ঘোষণার আগেই পরাজয় স্বীকার করে নিয়েছেন ঋষি সুনাক।
উল্লেখ্য, গত ১৪ বছরে চার নির্বাচনে পাঁচজন প্রধানমন্ত্রী দেখেছে ব্রিটেন। নানা ভরাডুবির পরও কনজারভেটিভ পরপর চারবার সরকার গঠন করে। তবে বরিস জনসনের হাতে পতনের আওয়াজ শুরু হয়, সেই পতন নিশ্চিত হয় মাত্র ৪১ দিনের প্রধানমন্ত্রী লিজ ট্রাসের হাতে। খাদ থেকে তোলার জন্য দল ও দেশের দায়িত্ব নেন ঋষি সুনাক। তবে শেষ পর্যন্ত তিনিও ব্যর্থ হলেন।
সূত্র: সিএনএন ও বিবিসি।
